আলতাফ হোসেন : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, দেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত-ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিকে যদি আমরা ক্ষমতায় রাখতে না পারি, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি হয়, কোথায় যায়, কি অবস্থা হয়, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা আর্জন করেছি। হাজার হাজার নেতাকর্মীর গুম এবং খুনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনে হাসিনার পতন হয়েছে। পরবর্তী সময় যে নির্বাচন, ওই নির্বাচনে যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে তারেক রহমানের বার্তা, বেগম খালেদা জিয়ার বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা যদি ব্যর্থ হই সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খায়ের ভূঁইয়া বলেন, আবেগ অনুভূতি নিয়ে কোন কাজ নাই, কাজ হলো বাস্তবতা। বাস্তবতা নিয়ে আপনারা নেতা নির্বাচন করবেন। আগামী দিনে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রত্যেক নেতাকর্মীদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। দলের ভাবমূর্তি বিনষ্ট হয়, আমরা কেউ কোন অবস্থাতেই এমন কোন কাজে যাতে করে জড়িত না হই। লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন-বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।
পিএস



