Thursday, April 16, 2026
Google search engine
Homeবিনোদনকানাডা যাচ্ছে নাঈম–আইশা অভিনীত “শেকড়”

কানাডা যাচ্ছে নাঈম–আইশা অভিনীত “শেকড়”

প্রসূন রহমানের ‘শেকড়’ সিনেমার প্রিমিয়ার হবে কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট, অনুসন্ধানসহ জীবনের গল্প নিয়ে গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে এ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া। ১৮ অক্টোবর এই উৎসবে ‘শেকড়’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। প্রিমিয়ারে থাকবেন নির্মাতা।

এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম ও আফগান নির্মাতা রয়া সাদাত। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম, প্যানেল ডিসকাশনসহ জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শিকড় খুঁজে ফেরার গল্প, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়। এতে জুটি হয়ে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘জীবনের ডাকে আমরা শিকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই মাটির সোঁদা গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। এটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে আরেকবার ফিরে তাকানোর চেষ্টা।’

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular