কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের বটতৈল ঈদগাপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মোটরসাইকেল চালক রনি এবং আরোহী রকি। তারা উভয়েই কিয়াম মেটাল নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদগাপাড়া এলাকায় একটি দ্রুতগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তিন যুবক। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনি ও রকিকে মৃত ঘোষণা করেন। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
নিহতদের অকাল মৃত্যুতে কিয়াম মেটালের সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “দুর্ঘটনা সম্পর্কে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



