মুন্সি আলমগীর হোসেন, মাগুরা প্রতিনিধি, কথা নিউজ ২৪
“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের কঠোর মনিটরিংয়ের পাশাপাশি উৎপাদক, বিক্রেতা এবং ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিরাপদ খাদ্য সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য নিশ্চিতের অঙ্গীকার করেন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।



