মনকে চাঙ্গা করার প্রয়োজন হলে ডাক্তাররা খুব শীঘ্রই আপনাকে সুইডেন ঘুরে আসার পরামর্শ দিতে পারেন। এই নর্ডিক দেশটি সম্প্রতি একটি নতুন পর্যটন অভিযান শুরু করেছে, যেখানে তারা নিজেদেরকে এমন এক ধরনের প্রাকৃতিক প্রতিকার হিসেবে উপস্থাপন করছে—যা ডাক্তাররা মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াতে ‘প্রেসক্রাইব’ করতে পারেন।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এই মজাদার বিজ্ঞাপনের শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্য সুইডিশ প্রেসক্রিপশন’। এই প্রচারে সুইডেনের প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে জড়িত সেইসব কার্যকলাপ তুলে ধরা হয়েছে, যা মন এবং শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রমাণিত।
কারোলিনস্কা ইনস্টিটিউট-এর মতো প্রতিষ্ঠানগুলোর গবেষণা এবং চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞদের সমর্থন নিয়ে এই প্রচারে নানান নিরাময় পদ্ধতিকে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে: বনের মধ্যে হাঁটা, হ্রদে সাঁতার কাটা, সনা সেশন এবং ‘ফিকা’ নামে পরিচিত কফি বিরতি।
এই ধারণাটির ভিত্তি হলো ক্রমবর্ধমান বৈজ্ঞানিক প্রমাণ, যা দেখায় প্রকৃতিতে সময় কাটালে মানসিক চাপ কমে, মেজাজ ফুরফুরে হয় এবং ঘুম ও জ্ঞানীয় ক্ষমতা উন্নত হয়। সুইডেনের প্রাকৃতিক ভূদৃশ্য এই ধরনের সতেজকারী অভিজ্ঞতার জন্য প্রচুর সুযোগ দেয়, যেখানে ১ লক্ষেরও বেশি হ্রদ এবং প্রায় ৬ হাজার প্রকৃতি সংরক্ষণ ক্ষেত্র রয়েছে।
এই প্রচারটি এতটাই মজার যে, এখানে একটি ডাউনলোড করার উপযোগী ‘প্রেসক্রিপশন’-ও দেওয়া হয়েছে, যা দর্শনার্থীরা তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। সেই প্রেসক্রিপশনে আকাশের দিকে তাকিয়ে থাকা, বন্য ফল বা খাবার সংগ্রহ করা এবং ঠাণ্ডা জলে ডুব দেওয়ার মতো কার্যকলাপের পরামর্শ দেওয়া হয়েছে।
ভিজিট সুইডেন-এর স্টিভ রবার্টশ বলেন, ‘আমরা এক অস্থির বিশ্বে বাস করছি। অনেকেই মানসিক চাপ এবং উদ্বেগে ভুগছেন। আমাদের প্রকৃতি ও জীবনযাত্রার উপকারিতা তুলে ধরার এটি একটি উপায়।’
যদিও এই প্রচারটিতে হাস্যরসের ছোঁয়া আছে, এর পেছনের বার্তাটি খুবই আন্তরিক- জীবনের গতি কিছুটা কমানো, বাইরে প্রকৃতির মাঝে যাওয়া এবং প্রাকৃতিক বিশ্বের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা আমাদের সুস্থতার ওপর সত্যিকারের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সুইডেন ঠিক এটাই করতে পর্যটকদের সাহায্য করতে চায়।



