মোঃ শরীফ হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার ১০ জুলাই দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থামানো হয়। পরে গাড়ির পেছনের স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় পাচার করা হচ্ছিল। আটক এমরানের বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



