ইরান জানিয়েছে, তারা আর জাতিসংঘের পরমাণু কর্মসূচির বিধিনিষেধ মানতে বাধ্য নয়। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০১৫ সালের পরমাণু চুক্তিকে অনুমোদন দেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ রাখা প্রস্তাবটির মেয়াদ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ১৮ অক্টোবর শেষ হয়েছে। ২০১৫ সালের ২০ জুলাই গৃহীত প্রস্তাব ২২৩১-এ নির্ধারিত ১০ বছরের মেয়াদকাল শেষ হওয়ায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব বিধান, বিধিনিষেধ ও ব্যবস্থা এই তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে।
তেহরান নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচি থেকে তাদের পরমাণু সংক্রান্ত বিষয়টি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে। ইরান বলেছে, এখন থেকে তাদের সঙ্গে পারমাণবিক অস্ত্র অপ্রসারণ চুক্তির (এনপিটি) অধীনে থাকা অন্য যেকোনো পারমাণবিক অস্ত্রহীন দেশের মতো আচরণ করতে হবে।
বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে ‘অসৎ উদ্দেশ্য’ থাকার অভিযোগ আনা হয়েছে। ইরান বলেছে, এই দেশগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তিতে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে না চলেই প্রস্তাবটির বিভিন্ন ব্যবস্থা ব্যবহারের চেষ্টা করছে। এর আগে, ইরান চুক্তি লঙ্ঘন করছে—এমন অভিযোগ তুলে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি গত ২৮ আগস্ট যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার (জেসিপিওএ) অধীনে ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরই তারা এই পদক্ষেপ নেয়।



