কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান। বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সোহেল রানা। এছাড়া বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা।
বক্তারা ২৫শে মার্চের গণহত্যার ভয়াবহতা ও ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।



