মহাকাশ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা ও প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের বিভিন্ন কর্মসূচিতে চীনের নাগরিকদের নিষিদ্ধ করেছে। বুধবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এই নিষেধাজ্ঞার ফলে চীনা নাগরিকেরা নাসার তথ্য ব্যবস্থা ব্যবহার, বৈঠকে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থাপনায় প্রবেশ করতে পারবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, চীনের নাগরিকদের জন্য নাসার তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকার এবং সশরীরে বা ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘আমাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে চীনা নাগরিকদের বিষয়ে নাসা অভ্যন্তরীণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমাদের স্থাপনা, সরঞ্জাম এবং নেটওয়ার্কে তাদের শারীরিক ও সাইবার নিরাপত্তা প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।’
চাঁদে অবতরণ ও মহাকাশ সক্ষমতায় চীনের ক্রমবর্ধমান অগ্রগতি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। চীন এরই মধ্যে স্যাটেলাইট নেভিগেশন, চাঁদে অবতরণ যান এবং নভোচারী পাঠানোর প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে মহাকাশে শীর্ষ শক্তি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। গত ৩ সেপ্টেম্বর সিনেট কমার্স কমিটির এক শুনানিতেও একদল সেনেটর চাঁদে চীনা নভোচারী পাঠানোর আগেই সেখানে যুক্তরাষ্ট্রের একটি টেকসই উপস্থিতি প্রতিষ্ঠার ওপর জোর দেন।
তবে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই হোয়াইট হাউস নাসার বাজেটে ২৪ শতাংশ অর্থ হ্রাসের একটি প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



