Saturday, April 18, 2026
Google search engine
Homeরাজনীতিজাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে, এটাকে অগ্রগতি হিসেবে...

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে, এটাকে অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে। তিনি আরও বলেন, এনসিপি এটিকে অগ্রগতি হিসেবে দেখছে।

আখতার হোসেন বলেন, এই আদেশের মূল বক্তব্য কী, সে বিষয়গুলো জানাতে ঐকমত্য কমিশন ‘অপরাগতা’ প্রকাশ করেছে, ফলে এনসিপি এখনো আশাবাদী হতে পারছে না।  

আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সদস্যসচিব আখতার হোসেন এক ব্রিফিংয়ে এ কথাগুলো বলেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৈঠক চলে।

ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, তাঁরা প্রত্যাশা করেন, কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটা তাঁদের সঙ্গে তারা শেয়ার করবে। এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের জন্য কমিশন যে খসড়া করেছে, তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক না হয় বলে দাবি জানায় এনসিপি। এই খসড়া যেন জাতির সবার একটা সম্পদ হতে পারে, সেটাই তাঁরা নিশ্চিত করতে চান বলে জানান তিনি।

জুলাই সনদের যতটুকুতে এনসিপি একমত হতে পেরেছে, সেটাও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে বিশ্বাস করেন আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিলেও যতটুকু অর্জন, সেটাকেও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে বলে দাবি জানান তিনি।

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানান এনসিপির এই নেতা। বলেন, সে হিসেবেই ঐকমত্য কমিশন ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজ একটি দ্বিপক্ষীয় আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে।

অনেক রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, এক দল জুলাই সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে; আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এ অবস্থায় এনসিপি মনে করে, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular