নিজস্ব প্রতিবেদক: মোঃ শামীম হোসাইন : লক্ষ্মীপুর জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মন্ত্রিসভা কর্তৃক লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে।
স্থানীয়দের মতে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে তিনি লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংশ্লিষ্ট মহলের দাবি, তার ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে লক্ষ্মীপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদনের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
স্থানীয় নাগরিকরা বলেন, “লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় ছিল দীর্ঘদিনের স্বপ্ন। চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বড় একটি পদক্ষেপ নেওয়া হলো।” 



