রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে ২০২২ সালের এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে রাজধানীর সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ দেড় দশকে রাজধানীতে যানবাহন চলাচলের গতি কমে ঘণ্টায় ১৬ কিলোমিটারের মতো।
বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর হিসেবে পরিচিতি পাওয়া ঢাকায় যানবাহনের গতি সরকারের নানা উদ্যোগের পরও সময়ের সঙ্গে সঙ্গে আরও ধীর হচ্ছে। ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরের মধ্যে সবচেয়ে ধীরগতির শহর ঢাকা।একটি স্বাভাবিক নির্ঝঞ্ঝাট দিনে কুড়িল থেকে সদরঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার এবং সেখান থেকে মিরপুর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক যেতে সময় লেগে যায় অন্তত সাড়ে ৪ ঘণ্টা।
মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সেপ্রেসওয়ের পেছনে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে; বাস ব্যবস্থাপনা ও যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে কি?



