নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় আট ঘণ্টা বন্ধ থাকার পর গ্যাসের সরবরাহ চালু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ শেষ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরপর গ্যাস সরবরাহ চালু হয়।
এর আগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকায় উড়ালসড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের মূল পাইপলাইন ফেটে আগুন ধরে যায়। এক্সকাভেটর দিয়ে মাটি খনন করার সময় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা এড়াতে তখন গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দীর্ঘ সময় গ্যাস না থাকায় পঞ্চবটি, ফতুল্লা, গোদনাইল ও বিসিক শিল্পনগরীসহ আশপাশের এলাকাগুলোতে আবাসিক ও শিল্প গ্রাহকেরা বিপদে পড়েন। অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকেল থেকে উৎপাদন বন্ধ রাখে। আবাসিক গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নারায়ণগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। রাত ১১টার দিকে গ্যাসের সরবরাহ পুণরায় চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। স্থানীয় কয়েকজন জানান, উড়ালসড়ক নির্মাণকাজে অসর্তকভাবে কাজ করায় বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা তিতাস ও উড়ালসড়ক নির্মাণকারী কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানান।



