টানা চারদিনের সরকারি ছুটি শুরু হয়েছে বুধবার (১ অক্টোবর) থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে। আর ছুটির প্রথম দিন, অর্থাৎ পূজার মহানবমীর ভোরেই ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এ কারণে দিনভর ফাঁকা মহানগরীর সড়কগুলো।
স্বাভাবিক দিনে সকাল থেকেই শহরে হাজির হওয়া চিরচেনা যানজটের রূপ বুধবার বৃষ্টি আর ছুটির প্রভাবে পাল্টে যায়। সড়কজুড়ে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ। সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
অন্যদিনের তুলনায় সড়কে গণপরিবহনসহ অন্যান্য গাড়ির সংখ্যা অনেক কম। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা জলজট ও গণপরিবহন কম থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন। তবে সড়কগুলো অনেকটা ফাঁকা থাকলেও মেট্রোরেলে রয়েছে যাত্রীদের চাপ। বৃষ্টি আর সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করছেন।
শাহবাগ মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা বেলাল আহমেদ বলেন, তিনি প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সাভারের বাস পাচ্ছেন না। বাস আসছে অনেকক্ষণ পরপর।
মিরপুর-১ থেকে ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ দেখতে বের হওয়া ভৌমিক মজুমদার জানান, তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে এসেছেন। তারা মেট্রোরেলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামবেন। এরপর রিকশা নিয়ে যাবেন ঢাকেশ্বরীতে।



